ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
gonojog24
Bongosoft Ltd.

অতিরিক্ত ভাড়ার কারণে দুর্ঘটনা বাড়ছে: যাত্রী কল্যান সমিতি


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১০:৪৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম অতিরিক্ত ভাড়ার কারণে দুর্ঘটনা বাড়ছে: যাত্রী কল্যান সমিতি
ছবি:সংগৃহীত

 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি এই নৈরাজ্য বন্ধে অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, অতিরিক্ত ভাড়ার কারণে নিম্ন আয়ের যাত্রীরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করছেন, যার ফলে সড়কে 'মৃত্যুর মিছিল' শুরু হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সোমবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন জেলা ও ইউনিট পর্যায়ের বাসে তা মানা হচ্ছে না।

তিনি উল্লেখ করেন, অতিরিক্ত ভাড়া বহন করার সামর্থ্য না থাকায় অনেক শ্রমজীবী মানুষ কম খরচে ঝুঁকিপূর্ণ উপায়ে যাতায়াত করছেন। এরই ভয়াবহ পরিণতি হিসেবে সম্প্রতি চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হন। এছাড়াও নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া দিতে না পেরে খেটে খাওয়া, শ্রমজীবী ও অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো মানুষ ট্রেনের ছাদ, বাসের ছাদ, খোলা ট্রাক ও পণ্যবাহী যানবাহনে যাতায়াত করতে বাধ্য হন।

সংগঠনটি অভিযোগ করেছে, যাদের শ্রমে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।

অনতিবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানান মোজাম্মেল হক চৌধুরী।

একইসঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অতিরিক্ত যাত্রী বহন, বাস বা ট্রাকের ছাদে ভ্রমণ, ট্রেনের ছাদে ওঠা এবং ফিটনেসবিহীন যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Link copied!